বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ |
১:১৪ অপরাহ্ণ | 38
গাজীপুরে নবাগত জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলার বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বুধবার (২৫ মার্চ) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, পরিবেশ দূষণ, উন্মুক্ত জলাশয় দখল এবং অবৈধ মাটি বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ইস্যুগুলো গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সভায় জেলা প্রশাসক তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সরকারের উন্নয়ন ভাবনা তুলে ধরে বলেন, গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি জেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সিনিয়র সাংবাদিকরা গাজীপুরের দীর্ঘদিনের সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিত্র তুলে ধরেন। তারা বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে নিয়মিত মতবিনিময় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি ও প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, এনটিভির প্রতিনিধি নাসির আহমেদ, ইত্তেফাকের প্রতিনিধি মজিবুর রহমান, মাজহারুল ইসলাম (কাঞ্চন)সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হবে। তিনি জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনভোগান্তি কমাতে প্রশাসন ও গণমাধ্যমের যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।