
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ৪৯ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজারের কুলাউড়া থেকে আটক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে (২৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) বিকেলে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁকে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার জান্নাতুল ফেরদৌস চৌধুরী কুলাউড়া উপজেলার ভাতাইয়া গ্রামের মৃত আব্দুল মুসাব্বির চৌধুরীর মেয়ে। তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফাতেহা ফেরদৌস চৌধুরীর (পপি) ছোট বোন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুলাউড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তাঁর বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করে। পরে বিদ্যালয়টির শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসব কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে পোস্ট করেন তিনি। বিষয়টি পুলিশের নজরে এলে বিকেলে অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতেই তাঁকে বড়লেখা থানা-পুলিশের কাছে হস্তান্তর করে কুলাউড়া থানা-পুলিশ।
বড়লেখা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১১ এপ্রিল রাতে বড়লেখা পৌর শহরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনের রাস্তায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। মিছিলে তারা ‘‘ছাত্রলীগ আসবে, রাজপথ কাঁপবে’’ ও ‘‘শেখ হাসিনা আবার আসবে’’ বলে স্লোগান দেয় এবং প্রাণিসম্পদ দপ্তরের সীমানা দেয়ালে লাল রং দিয়ে রাজনৈতিক স্লোগান লেখে।
পরদিন ১২ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে ১৫ জন চিহ্নিত নেতাকর্মীসহ ১৪০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলাটি তদন্তকালে বড়লেখায় ছাত্রলীগের ওই মিছিল ও দেয়াললিখনের ঘটনার সঙ্গে জান্নাতুল ফেরদৌস চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া যায়।
পুলিশ জানায়, জান্নাতুল ফেরদৌস চৌধুরী কুলাউড়া উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কুলাউড়া থানা-পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল আহমেদ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় (মামলা নং-৯) গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, ২০২৫ সালে মিছিলে অংশ নেওয়া ও দেয়াললিখনের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে আদেশের মাধ্যমে তাঁকে জেলহাজতে প্রেরণ করা হয়।
