
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৬ মে ২০২৬ | প্রিন্ট | ১১১ বার পঠিত | পড়ুন মিনিটে

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকা মৌলভীবাজারের বড়লেখা সফর করেছেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তাঁর এ সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে তিনি বড়লেখায় পৌঁছালে গাংকুলে নিজ পৈত্রিক বাসভবনে স্থানীয় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল চারটায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বড়লেখার উন্নয়ন, অগ্রগতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও খোলামেলা আলোচনা করেন তিনি।
মতবিনিময় সভায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, নির্বাচনী এলাকার সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের সঙ্গে পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করবেন তিনি। পাশাপাশি বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করবেন বলেও জানান।
তিনি আরও বলেন, নেতাকর্মীদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে বড়লেখার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। বিশেষ করে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
গাংকুলে নিজ বাসভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মহিদ আহমদ চৌধুরী, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, সহকারী প্রধান শিক্ষক দিবাকর দাস, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, উপজেলা যুবদল ও ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইকবাল হোসেন, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমানসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
