
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৩ বার পঠিত | পড়ুন মিনিটে

মৌলভীবাজারের কুলাউড়ায় ২০১৮ সালের একটি মামলার বাদী জুনুর ও এম এম শাহীনসহ ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের খবর সামাজিক যোগাযোগমাধ্যমের একাধিক অজ্ঞাতনামা পেজ থেকে প্রচার করা হয়েছে। তবে প্রচারিত এ সংবাদের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) এ বিষয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি এবং এমন কোনো মামলা দায়েরও হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি অজ্ঞাতনামা পেজে দুই ব্যক্তির ছবি সংযুক্ত করে ২০১৮ সালের মামলার বাদী জুনুর ও এম এম শাহীনসহ ৪৩ জনের বিরুদ্ধে বিস্ফোরক মামলা দায়েরের দাবি করে পোস্ট প্রকাশ করা হয়। এসব পোস্টকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
তবে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমানের বক্তব্য অনুযায়ী, কুলাউড়া থানায় এ ধরনের কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়েরের তথ্য নেই। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মামলার দাবির সত্যতা পুলিশের বক্তব্যে পাওয়া যায়নি।
সচেতন মহলের মতে, মামলা ও আইনশৃঙ্খলাসংক্রান্ত যেকোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সত্যতা যাচাই করা জরুরি। যাচাইবিহীন তথ্য প্রচার করে কাউকে সামাজিকভাবে হেয় করা কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করা অনুচিত।
