রবিবার ১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩

Advertise with us
Advertise with us

মনের ওপর জোর খাটাতে চাই না: পারশা

  |   মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মনের ওপর জোর খাটাতে চাই না: পারশা

পারশা মাহজাবীন। সংগীতশিল্পী ও অভিনেত্রী। সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এক গুচ্ছ কদম’। নতুন এ চলচ্চিত্রে অভিনয় ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন

‘এক গুচ্ছ কদম’ চলচ্চিত্রে কেমন সাড়া পাচ্ছেন?
বেশ ভালোই। কাজটি দেখে অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। যখন স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছি, তখনই বুঝেছি ভালো কিছু হতে যাচ্ছে। প্রত্যাশার চেয়ে বেশি সাড়া মিলছে। আমার সহশিল্পী প্রান্ত অনেক ভালো অভিনয় করেছেন। অনেকে আবার আক্ষেপও করেছেন কাজটি কেন বড় হলো না।

নির্বাক চলচ্চিত্রে অভিনয় কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে?
নির্বাক চলচ্চিত্রে অভিনয় অনেক চ্যালেঞ্জিং। এটি একটি ভিন্নধর্মী কাজ। কোনো সংলাপ নেই।  আছে শুধু ঝুম বৃষ্টি, প্রাকৃতিক পরিবেশের শব্দ ও খুদে বার্তায় আলাপ। অভিব্যক্তি দিয়ে সবকিছু বোঝাতে হয়েছে। শেষ মুহূর্তে একগুচ্ছ কদমের মাধ্যমে দুজনের হৃদয় ও অনুভূতির মিলন ফুটে উঠেছে। সারা রাত জেগে শুটিং করতে হয়েছে। কয়েক ঘণ্টা বৃষ্টিতেও ভিজেছি। এতে কষ্টের পরেও যখন দেখেছি ফলটা ভালো পাচ্ছি, তখন সব কষ্ট দূর হয়ে গেছে। নির্মাতা জাহিদ প্রীতম সবকিছু পারফেক্টলি করতে চান। কোনো কিছুতে ছাড় দিতে নারাজ তিনি। কাজটিতে খুব প্রস্তুতি নিতে পারিনি। নির্মাতা কাজটি আমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছেন। তাই কাজটি চ্যালেঞ্জিং হলেও  অনেক সহজভাবে শেষ হয়েছে।

অভিনয়ে আপনার কিছুটা বিরতি ছিল। এর কারণ কী?

সর্বশেষ ‘ঘুমপরী’ ওয়েব সিরিজ অভিনয় করে বেশ সাড়া পেয়েছিলাম। চেয়েছিলাম ভালো একটি কাজ দিয়ে ফিরতে। দর্শকের প্রত্যাশাটা ধরে রাখতে চেয়েছি। এ কারণে অভিনয়ের অনেক প্রস্তাব পেয়েও করিনি। এ সময়ে জাহিদ প্রীতম ভাইয়ের কাজের প্রস্তাব পেলাম। তাঁর সঙ্গে আগেও কাজ করেছি। এ কারণে এক কথাতে হ্যাঁ বলেছি।

এখন কী নিয়মিত অভিনয়ে দেখা যাবে?
অবশ্যই। এরই মধ্যে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছি। এটি আগামী মাসে প্রকাশ হবে। ১০ পর্বের এ কাজ নিয়ে আশাবাদী। আরও দুটি নাটকে কাজের কথা চলছে।

আপনি গানের মানুষ। কোন ভাবনা থেকে অভিনয়ে আসা?
শখ থেকেই অভিনয়ে এসেছি। গান যখন শুরু করেছি, তখনও ভাবিনি অভিনয় করব। টুকটাক টিভিসি, ওভিসি করেছি। আমি যখন ঘুমপরীতে কাজ করেছি, তখনও ভয়ে ছিলাম অভিনয় পারব কিনা। নির্মাতা বলেছিলেন, তোমার অভিনয় আমি বের করে নিয়ে আসব। তিনি আমাকে সাহস দিয়েছিলেন। এখন দেখি দর্শক আমার কাজ পছন্দ করা শুরু করেছে। এ কারণেই অভিনয় চালিয়ে যাচ্ছি। অভিনয়ে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। সবসময় গান নিয়েই ছিলাম। বলতে পারেন, দেখে দেখেই অভিনয় শিখেছি।

অনেক দিন ধরে নতুন গান প্রকাশ করছেন না। অভিনেত্রী পরিচয়ে কণ্ঠশিল্পী পারশা হারিয়ে যাবে কিনা? 

একদমই না। গান গাওয়া, অভিনয়, ছবি আঁকাসহ যা কিছু ভালো লাগে, সবই চালিয়ে যাব। খ্যাতির মোহে নয়, যেটাই করব, তার পেছনে লক্ষ্য থাকবে একটাই, দেশ ও দেশের মানুষকে ভালো কিছু উপহার দেওয়া। বর্তমানে আমার গলার অবস্থা একটু খারাপ। একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে। গলা বসে যাচ্ছে। চাইলেও গান নিয়ে বসতে পারছি না। গলার অবস্থা ভালো হলে নতুন গান নিয়ে বসব। অনেকগুলো গান আছে। যেগুলো প্রকাশ হয়নি। পর্যায়ক্রমে তা প্রকাশ পাবে।

নিজের আঁকা ছবি নিয়ে প্রদর্শনী করার ইচ্ছা আছে?
আকাঁআঁকির জন্য অনেক সময় দিতে হয়। একটি ছবি আঁকতে দুই দিন লেগে যায়। গান ও অভিনয় নিয়ে ব্যস্ততা যাচ্ছে। সময়-সুযোগ পেলে অবশ্যই প্রদর্শনী করব।

নিজের অভিনয় নিয়ে কতটা সন্তুষ্ট?
সংগীত বলুন আর অভিনয় বলুন, কোনো কাজ নিয়েই আত্মতুষ্টি নেই। আমি মনে করি আরও ভালো কিছু করার আছে। অনেক কিছু জানার বাকি।

কাজের সমালোচনাকে কীভাবে দেখেন?

আমার গান ও অভিনয় নিয়ে খুব একটা সমালোচনা শুনিনি। সবারই প্রশংসাই পাচ্ছি। গঠনমূলক সমালোচনা হলে অবশ্যই গ্রহণ করার মানসিকতা আছে। তবে শিল্প, সংস্কৃতির কাজ নিয়ে যতটা সমালোচিত না হই, এর চেয়ে বেশি সমালোচিত হই আমার মুখের কথা নিয়ে। কারণ সবসময় অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায় দেখলে চুপ থাকতে পারি না।

প্রেম-বিয়ে নিয়ে কিছু ভাবছেন?
এসব নিয়ে আপাতত ভাবছি না। সব কিছুর জন্য সুন্দর একটি সময় থাকে। ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। এই সময়ে আমার জীবনে এসবের দরকার আছে বলে মনে করি না। দুই-তিন বছর পর হয়তো চিন্তা করব। কাউকে যদি পছন্দ হয় এমনিতেই হয়ে যাবে। তাই মনের ওপর জোর খাটাতে চাই না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

ফলো করুন 24todaynews.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
প্রভাষক আফাজুর রহমান চৌধুরী
অফিস