
| রবিবার, ২৫ মে ২০২৫ | প্রিন্ট | ৮৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:: অসাধারণ প্রতিভা ও কঠোর অধ্যবসায়ের ফলস্বরূপ জাতীয় পর্যায়ে অংক দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে জেলার রাজনগর উপজেলার জামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র জায়েন তরপদার সালমান। এই শিক্ষার্থী তার সাফল্যের মধ্য দিয়ে শুধু বিদ্যালয় নয়, পুরো নিদনপুর গ্রামের গর্ব হয়ে উঠেছে।
গত ২৪ মে, সোমবার ঢাকা টিটি কলেজে দেশের ৮ বিভাগ থেকে ৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন । তারমধ্যে সে প্রথম স্থান অধিকার করে।
সালমানের পিতা রাজনগর উপজেলার সহকারী শিক্ষক তরাজ মিয়া তরপদার এবং মাতা স্বাস্থ্যকর্মী রুমেনা বেগম জানান, ছোটবেলা থেকেই সালমান পড়াশোনার প্রতি আগ্রহী ছিল, বিশেষ করে গণিত বিষয়টিকে সে খেলনার মতো উপভোগ করে। শিক্ষকরা জানান, সালমান শ্রেণিতে সবসময় মনোযোগী এবং বিভিন্ন সহপাঠ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত জাতীয় অংক দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সালমান জেলা পর্যায়ে নির্বাচিত হয় এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশ নিয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করে। অংক দৌড় প্রতিযোগিতা এমন একটি প্রতিযোগিতা যেখানে শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত ও সঠিকভাবে গণিত সমস্যার সমাধান করতে হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “সালমান আমাদের বিদ্যালয়ের অহংকার। তার এই কৃতিত্ব অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
এমন সাফল্যের পেছনে শিক্ষকদের পরামর্শ, অভিভাবকদের উৎসাহ এবং সালমানের অদম্য ইচ্ছাশক্তি বিশেষ ভূমিকা রেখেছে।
জায়েন তরপদার সালমানের এই সাফল্য নিঃসন্দেহে দেশের অগ্রগতির সম্ভাবনার প্রতিচ্ছবি। তার মত আরও শিক্ষার্থীরা যদি এমন প্রতিভা ও চেষ্টা দেখাতে পারে, তবে আমাদের শিক্ষাব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে।
