
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | ২৬ বার পঠিত | পড়ুন মিনিটে

কাঠমান্ডুতে সদ্য সমাপ্ত ‘৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন-২০২৬’-এ যোগদানকারী বাংলাদেশ ও নেপালের জ্যেষ্ঠ সাংবাদিকদের এক যৌথ প্রতিনিধিদল কাঠমান্ডুস্থ বাংলাদেশ হাউসে সফর করেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) অধীনে বাংলাদেশ ও নেপালের ১০ সদস্যের এই প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন।
গত ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র কোরেসপন্ডেন্ট মো. আবদুর রহমান, দ্য ডেইলি বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দ্য ডেইলি আজকালের বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমান, ডেইলি ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, ডেইলি আমার বাংলার ম্যানেজিং এডিটর পান্না জামান এবং ডেইলি আজকের প্রভাতের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবু বকর সিদ্দিক।
অন্যদের মধ্যে নেপাল থেকে প্রতিনিধিদলে অংশ নেন ন্যাশনাল ফোরাম অব নিউজ জার্নালিস্টস-এর সভাপতি ও লাহানা মিডিয়ার সম্পাদক নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, সহ-সভাপতি সুনীল মহার্জন, লাহানা উইকলির সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ এবং এপি১ টিভির রাজু নাপিত।
দুপুরে আয়োজিত এ বৈঠকে দুদেশের গণমাধ্যম, আঞ্চলিক সাংবাদিকতা এবং আদিবাসী ভাষা সংরক্ষণ ও প্রচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রদূত ডেলিগেটদের স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
বৈঠক শেষে প্রতিনিধিদলের সম্মানে বাংলাদেশ হাউসে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
