
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট | ১৪৪ বার পঠিত | পড়ুন মিনিটে

সরকারের স্কুল ফিডিং কার্যক্রমে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি। উপজেলার বিভিন্ন বিদ্যালয় ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিদ্যালয়গুলোতে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে নিয়মিত স্কুলে আসছে এবং খাবার গ্রহণ করছে। অনেক শিক্ষার্থী জানায়, এর আগে তারা বিদ্যালয়ে এ ধরনের খাবার কখনো পায়নি। সরকারের এ উদ্যোগে তারা আনন্দ প্রকাশ করে ধন্যবাদ জানায়।
শিক্ষকদের ভাষ্য, স্কুল ফিডিং কার্যক্রম চালুর পর থেকে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামাল দিতে শিক্ষকরা বেশ ব্যস্ত সময় পার করছেন। তাদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
স্থানীয় সরবরাহকারী প্রতিনিধি ওয়ালিদ আহমদ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্সের স্থানীয় প্রতিনিধি হিসেবে তিনি কুলাউড়ায় সুষ্ঠুভাবে খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয়গুলোতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে কুলাউড়া উপজেলার ১৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম চালু রয়েছে। শিক্ষার্থীদের মাঝে কলা, ডিম ও বনরুটি বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।
