কুলাউড়ায় ৬৯জন কৃতি শিক্ষার্থী পেল পৌরসভার মেধাবৃত্তি পুরস্কার
নিজস্ব প্রতিবেদক |
সোমবার, ২৫ মে ২০২৬ | প্রিন্ট | ১৩৪ বার পঠিত | পড়ুন মিনিটে
কুলাউড়া পৌরসভা আয়োজিত ‘মেধাবৃত্তি-২০২৫’ প্রাপ্তদের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৩ মে শনিবার দুপুরে পৌরসভার হলরুমে আয়োজিত এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে ৬৯জন কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার -২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকতুল ইসলাম শকু।
তিনি মেধাবীদের উদ্দেশ্যে বলেন, কুলাউড়ার এই মেধাবীরাই একদিন কুলাউড়াকে তুলে ধরবে। তাদের সুপ্ত প্রতিভা প্রস্ফূটিত হয়ে আলোকিত হবে আমাদের কুলাউড়া। আমি দৃঢ় আশাবাদী আজকে যারা মেধার স্বাক্ষর রেখেছে তারাই ভবিষ্যতে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানের সভাপতি পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, মেধা এবং মনন একই সাথে শানিত হলে বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আশাবাদী আগামীর এই প্রজন্মগুলো সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাবে। তিনি পৌরসভা মেধাবৃত্তি প্রদানে ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন।
কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র হাজী জয়নাল আবেদীন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, অবসরপ্রাপ্ত প্রভাষক সিপার আহমেদ, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর কায়সার আরিফ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমীন ফারহানা জেরিন, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর সামছুল ইসলাম সমছু, জহিরুল ইসলাম খান খছরু, হারুনুর রশীদ হারুন, সুলতানা বেগম লাইলি, কুলাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সহকারি প্রকৌশলী কামরুল হাসান, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র চন্দ্র পাল প্রমূখ।
প্রসঙ্গত এটি কুলাউড়া পৌরসভার আয়োজনে টানা ৪র্থ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। এবার পৌর এলাকার অন্তর্গত ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুড়ান্ত পরীক্ষায় (৩য়, ৫ম ও ৮ম শ্রেণী মিলিয়ে) ৪০৭ জন অংশ নেয়। তন্মেধ্য ১০জন ট্যালেন্টপুল ও ৫৯জন সাধারণ গ্রেডে বৃত্তি পায়।
উল্লেখ্য অনুষ্ঠানে কবি ভানু পুরকায়স্থ এর ৪র্থ কাব্যগন্থ ‘বিবর্ণ বিশ্বাস’ এর মোড়ক উন্মোচন করেন মৌলভীবাজার-২ আসনের এমপি শওকতুল ইসলাম শকুসহ অন্যান্য অতিথিরা।