
| শুক্রবার, ২৩ মে ২০২৫ | প্রিন্ট | ১১২ বার পঠিত | পড়ুন মিনিটে

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সের ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডে ভাগ বসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১৬ বলে ফিফটি করে ডি ভিলিয়ার্সের পাশে বসেন তিনি।
এক পর্যায়ে ১৩ বলে ৪২ রান তুলে ডি ভিলিয়ার্সের রেকর্ড গুঁড়িয়ে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন ফোর্ড। তবে আইরিশ বোলার ব্যারি ম্যাকার্থির করা পরের ডেলিভারিতে র্যাম্প শট খেলতে গিয়ে মিস করেন তিনি। এরপরের দুই বলে পরপর দুটি ছক্কা মারেন—একটি লং-অফ দিয়ে এবং অন্যটি কভার দিয়ে—যা তাকে ডি ভিলিয়ার্সের মতোই ১৬ বলে ফিফটির মাইলফলকে পৌঁছে দেয়।
শেষ পর্যন্ত এই ইনিংসে ১৯ বলে ৫৮ রান করেন ফোর্ড। তার ইনিংসে ছিল দুটি চার ও আটটি ছক্কা। যার অর্থ, তার মোট রানের ৯৬.৫৫ শতাংশ এসেছিল বাউন্ডারি থেকে—পুরুষদের ওয়ানডে ক্রিকেটে ৫০ রানের বেশি স্কোরে যা সর্বোচ্চ।
আগের রেকর্ডটি ছিল ক্যারিবিয়ান ব্যাটার আন্দ্রে ফ্লেচারের। তিনি ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে তার ৫২ রানের ইনিংসের ৫০ রানই বাউন্ডারি থেকে নিয়েছিলেন (৯৬.১৫%)।
এদিন ব্যারি ম্যাকার্থিকে ছক্কা মেরে নিজের ইনিংস শুরু করেছিলেন ফোর্ড। এরপর জশ লিটলকে এক ওভারে চারটি ছক্কা মারেন। ইনিংসের ৪৬তম ওভারে ফোর্ড দেখান যে তার ব্যাটিংয়ে কেবল শক্তিই নয়, বৈচিত্র্যও আছে। সে ওভারে টমাস মেইসকে টানা দুই বলে একটি করে চার এবং ছক্কা হাঁকান।
ফোর্ডের এই ঝড়ো ফিফটির সঙ্গে কেসি কার্টির দ্বিতীয় ওডিআই সেঞ্চুরির ওপর ভর করে আইরিশদের বিপক্ষে ৮ উইকেটে ৩৫২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
